পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের হাইকমান্ড বিব্রত হওয়ার পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন ওসি বাছাইয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে এ-সংক্রান্ত বিশেষ চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে। গুগল ফরমের মাধ্যমে পরিদর্শকদের ব্যক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থাপনা, বর্তমান ও অতীত কর্মস্থলের বিবরণ এবং অতীতে কোনো দণ্ড পেয়ে থাকলে তার বিবরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে পরিদর্শকের পদ রয়েছে ৬ হাজার ৯৫৭টি। বর্তমানে কর্মরত ৬ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে ইন্সপেক্টর নিরস্ত্র পদে ১২৮ নারীসহ ৪ হাজার ৭১৯ জন, ইন্সপেক্টর টিটি পদে ৯৮৪ জন এবং ইন্সপেক্টর সশস্ত্র পদে ৮৩৬ জন কর্মরত।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় কর্মরত কয়েকজন ওসির বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের হাইকমান্ড বিব্রত হয়েছে। এ পরিস্থিতির অবসানে দক্ষ ও বিতর্কমুক্ত পরিদর্শকদের ওসি, পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন পদে পদায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
পরিদর্শকদের পুলিশের আয়না হিসেবে বিবেচনা করা হয়। অভিযান পরিচালনা, তদন্ত, তদন্ত তদারকি, উদ্ধার, দাঙ্গা দমন ও অপরাধ নিয়ন্ত্রণসহ মাঠপর্যায়ের বিভিন্ন কাজে তারা নেতৃত্ব দেন। ফলে তাদের নৈতিক স্খলনসহ যেকোনো নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব পুরো বাহিনীর ওপর পড়ে এবং ভাবমূর্তি সংকট তৈরি হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন থানার ওসিদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন। তারা অধিকতর দক্ষ ও বিতর্কমুক্ত পরিদর্শকদের ওসি পদে পদায়নের প্রস্তাব দেন বলে সূত্র জানিয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
নিউজ ডেস্ক