ঢাকা | বঙ্গাব্দ

এআই ছবিতে নারী সেনা সাজিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
এআই ছবিতে নারী সেনা সাজিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ ছবির ক্যাপশন: Collected
ad728

এআই ছবিতে নারী সেনা সাজিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

​নিজস্ব প্রতিবেদক| ২৭ সেপ্টেম্বর ২০২৬


​কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য সেজে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এই প্রতারণা চক্রের মূল হোতা তোফায়েল আলম টিটু (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। প্রেমের ফাঁদে ফেলে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন কৌশলে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


​রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।


​পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ছেলে শাহাদাত খান (২২) ইতালি প্রবাসী। ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও এআই-সংশ্লিষ্ট ভিডিও ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর নারী সেনা সদস্য পরিচয়ে নারীসুলভ কণ্ঠে ফোনালাপ করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়। এই সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে শাহাদাতের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে ভুক্তভোগী ও তার পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।


​এ ঘটনায় প্রথমে ভুক্তভোগীর মা আদালতে সিআর মামলা করেন। গত ১৩ সেপ্টেম্বর মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা। তদন্তকালে বিকাশ ও নগদের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি নিজেই নারীর মতো কণ্ঠে কথা বলতে পারতেন। ফেসবুক মেসেঞ্জারে পরিচয়ের পর তিনি ইমোতেও নারী কণ্ঠে শাহাদাতের সঙ্গে কথা বলতেন। এমনকি শাহাদাতের মায়ের কাছে নিজের মায়ের অসুস্থতার কথা বলেও বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তিনি।


​গত ২১ সেপ্টেম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া পুলিশের অপরাধ তথ্য যাচাইয়ে গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে অপর একটি সিআর মামলায় ওয়ারেন্ট জারির তথ্যও পাওয়া গেছে।

​এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত