পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ১০ বছরের শিশুর
নিজস্ব প্রতিবেদক| ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা এবং তার দুই ভাইয়ের সন্তান গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পটিয়া–পাঁচুরিয়া–কালারপোল সড়কের কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পহেলা বড়ুয়া পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রত্নঙ্কুর বৌদ্ধবিহার এলাকার বড়ুয়াপাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। আহত ব্যক্তিরা হলেন শিশুটির বাবা নন্দন বড়ুয়া (৪৫) এবং তাঁর দুই ভাতিজা—পার্থ বড়ুয়া (৭) ও তীর্থ বড়ুয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের চাকরিজীবী নন্দন বড়ুয়া বিকেলে নিজের মেয়ে ও দুই ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। পথিমধ্যে পাঁচুরিয়া–কালারপুল আঞ্চলিক সড়কের কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পহেলা বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান মৃধা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ ডেস্ক