ফ্রি পোর্ট চৌধুরী মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬:
ফ্রি পোর্ট চৌধুরী মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মাদ উল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার অংশ হিসেবে নগদ এক লক্ষ টাকা অনুদান তুলে দেন চৌধুরী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুবুল হক এবং সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন-এর হাতে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ উল্লাহ বলেন, ব্যবসায়ী সমিতি দ্রুত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পুনর্নির্মাণের যে কার্যক্রম শুরু করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি দোয়া করেন, আল্লাহ যেন তাদের এই উদ্যোগের উত্তম প্রতিদান দান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সহায়তা সামান্য অংশীদারিত্ব মাত্র; আরও বেশি সহযোগিতা করতে পারলে ভালো হতো। তিনি দল ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সকলের দোয়া কামনা করেন, যেন আল্লাহ তায়ালা তাদের ব্যবসায় পুনরায় বরকত দান করেন এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার তাওফিক দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে নেতৃবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায়, দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং মোট পাঁচটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদ, মোঃ ফখরুল ইসলাম থানা কর্মপরিষদ সদস্য , জি এম রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।
নিউজ ডেস্ক